শ্রীনগরে আন্ডরপাসের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:৫৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখার দাবিতে মানববন্ধন ও ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা। রবিবার সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করায় সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।
 
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঢাকা মাওয়া মহাসড়ক ৬ লেনের উন্নয়নের কাজ চলছে। রাস্তাটি উন্নয়নের সাথে ষোলঘর বাসস্ট্যান্ডে আন্ডারপাস যুক্ত না থাকায় পূর্ব-পশ্চিম পাশে চলাচলকারী প্রায় অর্ধ লাখ মানুষ উপজেলা সদর, স্বাস্থ্য কমপ্লেক্স, আর্থিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজে যাতায়াতসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজ করার ক্ষেত্রে বাধার মুখে পড়বে।
 
উল্লেখ্য, একই দাবিতে গত ৩০ অক্টোবর শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ডে ওই এলাকার জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
ইত্তেফাক/বিএএফ