ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক আবদুল বাতেন আর নেই

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৪০
দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুল বাতেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গত শনিবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে সাভার হেমায়েতপুরস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন যাবত তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
 
রবিবার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নেতৃবৃন্দ। জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয় সাংবাদিক আব্দুল বাতেনকে।
 
সাভারের হেমায়েতপুরে বাদ যোহর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
 
প্রতিথযশা এ সাংবাদিকের মৃত্যুতে গোটা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
 
প্রবীণ সাংবাদিক আবদুল বাতেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাভার প্রেসক্লাব ও সাভার নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/বিএএফ