শুকরানা মাহফিলে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:০৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলে এসে আজ রবিবার বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্র মারা গেছেন। তার নাম সাইফুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
নিহত সাইফুল হবিগঞ্জের মাধবপুরের মুসলেহ উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সাইফুল সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীরের গ্রিল টপকে  ভেতরে প্রবেশের চেষ্টা করেন। অসাবধানতাবশত গ্রিলে লেগে থাকা বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
 
ইত্তেফাক/কেকে