বাড্ডা হতে শাহজাদপুর পর্যন্ত লেকড্রাইভ সড়কের উদ্বোধন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:৩৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নির্মিত বাড্ডা (হাতিরঝিল মোড়) হতে শাহজাদপুর পর্যন্ত লেকড্রাইভ সড়কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার দুপুর ১২টায় হাতিরঝিল মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি।
 
রাজউকের লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডা হতে শাহজাদপুর পর্যন্ত লেকের পাড়ে বাড্ডা-শাহজাদপুর অংশে ২ দশমিক ৪ কিমি. দৈর্ঘ্যের লেকড্রাইভ সড়কের প্রশস্ততা ৩০ ফুট এবং সড়কের দুই পার্শ্বে ফুটপাত বিদ্যমান। সড়কের এক পার্শ্বের (লেকের পাড়ে) ফুটপাতের প্রশস্ততা ৬ ফুট এবং অপর পার্শ্বের প্রশস্ততা ৩ ফুট। ফুটপাতের উপর বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে, যা লেকের সৌন্দর্য বৃদ্ধি করেছে। 
 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এই সড়ক নির্মাণ করা হয়েছে গুলশান-বারিধারার সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। কাজেই এই সড়ক ও  লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার জনগণের। 
 
তিনি আরো বলেন, লেকড্রাইভ সড়ক নির্মাণের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের জমির তিন গুণ মূল্য শিগগিরই পরিশোধ করা হবে। 
 
রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান বলেন, রাজউক জনগণের ভালোর জন্য কাজ করে। যে কাজ জনগণের জন্য ভালো নয় সেই কাজ রাজউক কখনো করবে না। তিনি বলেন, এই অঞ্চলের অধিবাসীদের যাতায়াতের জন্য লেকড্রাইভ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
তিনি জানান, লেকড্রাইভ সড়ক নির্মাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অবদান ছিল। এছাড়াও এই সড়ক নির্মাণে বাড্ডা ও শাহজাদপুরের এলাকাবাসীর সহযোগিতা ছিল অনস্বীকার্য।
 
ইত্তেফাক/জেডএইচ