আওয়ামী লীগ সরকারের ১০ বছরের সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরতে বিশাল সমাবেশের আয়োজন করে সখীপুর উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিকেলে সখীপুর পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, বাসাইল পৌরসভার মেয়র আবদুর রহিম আহমেদ, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যপক আহাম্মদ আলী, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কেবিএম রুহুল আমীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফজলুল হক বাপ্পা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বাসাইল ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার লোক সমাবেশে যোগ দেয়। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত শিকদার সরকারের ১০ বছরের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
