মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। বিশেষ করে এদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধু কন্যার প্রাণ। এই শিক্ষাটা তিনি তার বাবার কাছ থেকে নিয়েছেন। জাতির পিতা যেমন এদেশের গরীব মানুষের জন্য নানা সুবিধা চালু করেছিলেন, তার কন্যাও ঠিক তেমনি এদেশের দরিদ্র মানুষের জন্য নানা ভাতা চালু করেছেন। আর এটাই হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্বপ্নে গড়া শেখ হাসিনার বাংলাদেশ।
তিনি রবিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে গরীবের হক মেরে খেয়েছে। আর যারা গরীবের হক মেরে খায় বুঝতে হবে তাদের মানসিকতা কোন পর্যায়ে। এই মানসিকতা নিয়ে আর যাই হউক দেশ তথা জাতির উন্নয়নে কোন মঙ্গল কাজ করতে পারে না। তাদের কাছ থেকে সব সময় সাবধান থাকবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার প্রমুখ।
এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুবকর মিয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য আবুবকর চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলার ১১৮টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ১২৬ বান্ডেল ঢেউটিন এবং প্রত্যককে ৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু
