সহকারীর মাধ্যমে অবৈধভাবে কাজ করা, মিটার না দেখেই বিল করা, হোল্ডিং না চেনা এবং প্রকৃত রিডিং সংগ্রহ না করে বিল জারি করার অভিযোগে ওয়াসার ৬ রাজস্ব পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ওই ৬ পরির্দশকের বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন রাজস্ব পরিদর্শক এমদাদুল হক, আশরাফুল হাছান, মাহমুদুল হাছান, বদরুজ্জামান বাদল, আবু তালেব ও আবু তালেহা।
দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন (১০৬)-এ পাওয়া অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ-এর তত্ত্বাবধানে দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি টিম গতকাল ঢাকা ওয়াসা’র মডস্ জোন-১০ এর মিরপুর কার্যালয়ে এ অভিযান চালানো হয়। দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট গ্রাহকদের সাথে কথা বলে টিম জানতে পারে, অব্যাহতিপ্রাপ্ত পরিদর্শকগণ নিজেরাই মাস্টার রোলে (চুক্তিভিত্তিক) কাজ করেন। অথচ প্রত্যেকেই ব্যক্তিগত চুক্তিতে সহকারী নিয়োগ করেছেন।
