রাউজানে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৫

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

সন্ত্রাসী হামলার অভিযোগে রাউজানের স্থানীয় সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশে উত্তাল রাউজান। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে আঘাত ও মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ারকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ব্যবাসায়ী সমিতি, শ্রমিক ইউনিয়নের লোকজন এসব কর্মসূচিতে অংশগ্রহণ করছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের মুন্সির ঘাটা এলাকায় সদরের বিভিন্ন মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন হিরুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর আলমগীর আলী, কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুমন দে, আহছান হাবীব হাছান, শওকত হোসেন, সারজু মো. নাছির, তপন দে, আবু ছালেক প্রমুখ।

সভায় বক্তারা মুনিরিয়া সংগঠনের উদ্দেশ্যে বলেন, আপনাদের তরিক্বতের নামে জঙ্গি তত্পরতা বন্ধ করতে হবে। তরিক্বতের নামে জায়গা সম্পত্তি দখল, বিবাহ বিচ্ছেদসহ নানা সালিশ-বিচারে আধিপত্য বিস্তার বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মুনিরিয়া তরিক্বতের উগ্রসমর্থকরা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে হামলা করে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় তাদের হাতে মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ার লাঞ্ছিত হন বলে জানা গেছে।

রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ ইত্তেফাককে বলেন, মুনিরিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে ৪-৫টি মামলা হয়েছে। আমরা আসামিদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে পুলিশ তত্পর রয়েছে।