বঙ্গবন্ধুর কৃষক উন্নয়নের স্বপ্ন সফল করেছেন শেখ হাসিনা: এমপি মনির

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৩
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সফল করেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের মতো কোনো সরকারই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে পারেনি।
 
সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় ২৪৫৩ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মনিরুল ইসলাম মনির বলেন, বিএনপির আমলে যেখানে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে সেখানে আওয়ামী লীগ সরকার আসার পর এখন সার কৃষকের পেছনে ছুটছে।
 
তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছে উন্নয়নের রোল মডেল। দেশে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দিপঙ্কর দাস। উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আনারুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান।
 
পরে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির ঝিকরগাছার বিএম হাইস্কুলে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে পৌর ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঊর্দ্ধমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কৃষ্ণনগর সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ লাখ টাকা ব্যয়ে ঊর্দ্ধমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
ইত্তেফাক/আরকেজি