‘নারীদের ওপর নেকড়ের মতো ঝাপিয়ে পড়ে উত্তর কোরিয়ার পুলিশ’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:১৭
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নারীদের ওপর হিংস্র নেকড়ের মতো ঝাপিয়ে পড়ে উত্তর কোরিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা। এক্ষেত্রে তাদেরকে কোন বিচারের মুখেও পড়তে হয় না। এনডিটিভি।
 
যৌন নির্যাতনের শিকার হওয়ার পর উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৫০ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তি তৈরি একটি রিপোর্টে এ দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে উত্তর কোরিয়ার পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা কিভাবে নারীদের ধর্ষণ করে তার বর্ণনা দেন নির্যাতিত নারীরা।
 
নির্যাতিত সাবেক এক গার্মেন্ট ব্যবসায়ী বলেন, ‘আমাকে যৌন পুতুল (সেক্স টয়) এর মতো ব্যবহার করেছে পুলিশ। তারা শপিং সেন্টারে এসে যখন তখন আমাকে ও অন্য নারীদের ধরে নিয়ে যেতো। এরপর যৌন নির্যাতন করা হতো।’
 
তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার থাকাকালে আমাদের মতো অনেক নারীদের কাছে নির্যাতিত হওয়ার বিষয়টি একটি স্বাভাবিক বিষয় বলে মনে হতো।’
 
হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, ‘উত্তর কোরিয়ায় সরকারি কর্মকর্তাদের দ্বারা যৌন নিগ্রহের বিষয়টি ওপেন সিক্রেট। এটি সমাজে সয়ে গেছে। এর কোন প্রতিকারও পাওয়া যায় না সেখানে।’
 
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটির মানবাধিকার সংস্থার দাবি, ‘চলমান শান্তিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নোংরা নারীরা এসব অপপ্রচার চালাচ্ছে।’
 
ইত্তেফাক/টিএস