গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে লন্ডন প্রবাসী গ্রেপ্তার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২১:৫০
সিলেটের ওসমানীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে নুনু মিয়া (৬০) নামে এক লন্ডন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার গোয়ালাবাজার এলাকার নিজ মালিকানাধীন খাঁজা ভিলা থেকে তাকে প্রেপ্তার করা হয়।
 
অভিযুক্ত লন্ডন প্রবাসী নুনু মিয়া ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর ধরে লন্ডন প্রবাসী নুনু মিয়ার বাড়িতে কাজ করছে একই উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনীচর গ্রামের (১৯) এক মেয়ে। নিজ বাড়িতে থাকার সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে নুনু মিয়া। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাকে ভয়ভীতি দেখিয়ে ঔষধ সেবন করিয়ে পুনরায় ধর্ষণ কাজে লিপ্ত হয় নুনু। পরবর্তীতে মেয়েটি নিরুপায় হয়ে থানা পুলিশের কাছে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নং ২। মামলা দায়েরের পর  সোমবার বিকালে থানা পুলিশ প্রবাসী নুনু মিয়াকে গ্রেপ্তার করে।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ধর্ষণের অভিযোগে লন্ডন প্রবাসী নুনু মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করছেন।
 
ইত্তেফাক/বিএএফ