শরণখোলার বকুলতলা গ্রামে প্রবাসীর বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত রাতে।
হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়া প্রবাসী সাবেক মেম্বর নুরুল ইসলাম হাওলাদারের স্ত্রী মঞ্জু বেগম (৪০) জানান, প্রতিদিনের মত রবিবার রাতে তিনি, তার কন্যা নুরুন্নাহার (২০), ও পুত্র ইমাম হোসেন (১১) খাবার খেয়ে ঘরে অচেতন হয়ে পড়েন। গভীর রাতে কে বা কারা জানালার শিক ভেঙ্গে ঘরে ঢুকে তার কানের স্বর্ণের দুল, ট্রাংকে থাকা ৩ টি স্বর্ণের আংটি, নগদ ৫০ হাজার টাকা, ও দুটি মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। ভোরে তারা সজাগ না হলে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় ৩ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমদ্দার জানান, চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে তারা অজ্ঞান হয়ে হাসপাতালে আসে। চিকিৎসায় তাদের জ্ঞান ফেরে। এখন তারা শংকামুক্ত।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনা কেউ তাকে জানায়নি। তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ইত্তেফাক/নূহু
