শরণখোলায় সোমবার ভোর রাতে উপজেলা মত্স্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বলেশ্বর নদী থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। আটকজালের বাজার মূল্য ছয় লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শরণখোলা উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির সহায়তায় রবিবার রাত ৮টা থেকে সোমবার ভোর রাত ৩টা পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। এ সময় বলেশ্বরের মাঝের চর, বগী ও তাফালবাড়ী এলাকা থেকে ছয় লক্ষাধিক টাকা বাজার মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। ওই রাতেই আটককৃত জাল গাবতলা এলাকায় বলেশ্বর নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মত্স্য কর্মকর্তা আরো জানান, ইলিশের প্রজননের জন্য অক্টোবর মাসে ২২ দিন সব ধরনের মত্স্য আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
