নারী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: ড. আতিউর রহমান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৩
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, “বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বাড়ছে। অর্থনৈতিক ও ব্যবসায়িক উদ্যোগ এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরো বাড়ানোর প্রয়োজনে নীতিনির্ধারকদের বাড়তি মনোযোগ দরকার।”
 
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তেন একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘ন্যাশনাল ডিবেট ক্যাম্পেইন-২০১৮’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আতিউর রহমান আরো বলেন, শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, শিক্ষা, দীক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে নারীর অংশগ্রহণ দ্রুতই বাড়ছে। আমাদের ঐতিহ্য বিনির্মাণে, বিশেষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে, নারীর অবিস্মরণীয় ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা আছে।
 
তিনি আরো বলেন, এভারেস্ট বিজয়, রাইড-শেয়ারিং, ই-কমার্সসহ নানা উদ্যোগে নারীর অংশগ্রহণের ফলে সমাজের মানও বদলাচ্ছে। তবে এখনো আরো অনেক দূর হাঁটতে হবে একসঙ্গে।
 
ইত্তেফাক/আরকেজি