বেরোবিতে সৈয়দ শামসুল হক স্মরণে স্মারক বক্তৃতা অনুষ্ঠান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৬:৩৯
সৈয়দ শামসুল হক চর্চাকেন্দ্রের উদ্যোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সৈয়দ শামসুল হকের কথা সাহিত্য: উত্তরবাংলার জীবন ও জনপদ’ শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। 
 
মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের গ্যালারি কক্ষে স্মারক বক্তৃতার আয়োজনটি অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক,  বিশিষ্ট কবি ও গদ্যকার রাহেল রাজিব। 
 
তিনি তার বক্তব্যে বলেন, ‘খুব কম লেখকই তার জীবদ্দশায় নিজের জনপ্রিয়তা দেখে যেতে পেরেছেন। সৈয়দ শামসুল হক সেই দিক থেকে অনেক সৌভাগ্যবান। তিনি তার জীবনের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করলেও তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে উত্তরবঙ্গের মাটি ও মানুষ স্থান পেয়েছে। গোটা  উত্তরবাংলার জীবন ও জনপদকে তিনি তুলে ধরেছেন তার সাহিত্যের মাধ্যমে। এটি তার উত্তরবঙ্গের মানুষের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।’
 
সৈয়দ শামসুল হক চর্চাকেন্দ্রের সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে স্মারক বক্তৃতা- ২০১৮ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কবি ও গবেষক নিখিলেশ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. নিত্য ঘোষ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গবেষক ও গল্পাকার ড. শফিক আশরাফ ও গবেষক অয়নিকা আলপনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোহিত মিঠু। 
 
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাতে সম্মননা স্মারক প্রদান করেন সৈয়দ শামসুল হক চর্চাকেন্দ্রের সভাপতি ড. তুহিন ওয়াদুদ। 
 
ইত্তেফাক/এমআই