বাবার কথায় মেয়ের গান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১২

বিনোদন রিপোর্ট

 

এদেশের আধুনিক গানের জনপ্রিয় শিল্পী দিঠি চৌধুরী। দীর্ঘদিন ধরে গানের সাথে থাকলেও নতুন গান রিলিজের ক্ষেত্রে বাবা দেশবরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কথায় কাজ করার সাহস পাননি। দিঠি বলেন, ‘বাবাকে আসলে সেভাবে গানের কথা কখনো বলা হয়নি। বাবাও তাই খোঁচা মেরে বলেন, তুমি তো আমাকে দিয়ে লিখিয়ে নিতে পারো না। সেদিন থেকেই বাবাকে বলি গান দিতে। বাবার গান মানেই যে অনন্য কিছু তা গাইতে গিয়েই টের পেলাম।’

তাই দীর্ঘদিন পর হলেও গাজী মাজহারুল আনোয়ারের কথায় দুটি নতুন গান রেকর্ড করলেন দিঠি আনোয়ার। একটির শিরোনাম ‘মধুদার ক্যান্টিন’, আরেকটির শিরোনাম ‘দেবদাস পার্বতী’। দুটি লিরিকে দারুণ এক বাস্তবতার গল্প রয়েছে। প্রথমটির সুর করেছেন কণ্ঠশিল্পী অপু। অন্যটি আহমেদ কিসলুর সুরে।

দিঠি আনোয়ার বলেন, ‘আমি গানের বাইরে যে গুরুত্বপূর্ণ কাজটি করছি তা হলো দেশের কালজয়ী গানগুলোর সংরক্ষণের কাজ। এটি খুব সহজ কোনো কাজ নয় আমি জানি। তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে সহযোগিতা করছে চ্যানেল আই।’