গোপালগঞ্জে প্রতারক গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৯:৩৮
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া মামলায় প্রতারক আবুল হোসেন মোল্লাকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশ সদর উপজেলার  গোপীনাথপুর গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে। আবুল হোসেন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর শুকতাইল গ্রামের হাসেম মোল্লার ছেলে।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, ‘সরকারি চাকরির প্রলোভন দিয়ে আবুল হোসেনসহ একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গত ১৩ মে চক্রটি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের কাইয়ূম সিকদারের ছেলে দেলোয়ার সিকদারের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে তার হাতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির নিয়োগপত্র ধরিয়ে দেন।
 
ঢাকা সেনানিবাসে দেলোয়ার চাকরিতে যোগদান করতে গেলে নিয়োগ পত্রটি ভুয়া বলে জানায় সেনানিবাস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতারণার শিকার দেলোয়ারের বাবা কাইয়ূম সিকদার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। গ্রেফতারের পর ওই প্রতারককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 
 
ইত্তেফাক/আরকেজি