সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় মা-বাবার পর এবার ছেলেরও মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রব (২৮) মারা যায়। অগ্নিকাণ্ডে তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।
এর আগে গত শনিবার ভোররাতে রবের মা হাসিনা বেগম এবং দুদিন পর সোমবার রাতে রবের বাবা আরব আলী তরফদার মারা যান। বর্তমানে রবের স্ত্রী রিপা আক্তার এবং তাদের দেড় বছরের মেয়ে আয়েশা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন। এরমধ্যে রিপার শরীরের ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস আইনে মামলা দায়ের করে বাড়ির মালিককে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। হামিদ সেখানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে বাড়ি ভাড়া দিয়েছেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টার দিকে আশুলিয়ার বেরন এলাকার মানিকগঞ্জপাড়ায় আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নিচতলায় বাড়ির লোকজন রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টা করতেই গ্যাসের লাইনে লিকেজ থাকায় পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দোতালা ভবনের নিচ তলার ৩টি কক্ষে আগুন ধরে যায়।
বিকট শব্দে গ্যাস বিস্ফোরণে মুহুর্তের মধ্যে বাড়ির জানালা-দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এসময় নিচ তলায় থাকা একই পরিবারের পাঁচ সদস্য অগ্নিদগ্ধ হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ইত্তেফাক/আরকেজি
