মেহেরপুরের গাংনীতে মঙ্গলবার সন্ধ্যায় পিকআপের ধাক্কায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে একইদিন সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন মারা গেছেন বলে জানা গেছে।
গাংনী (মেহেরপুর): গাংনীতে পিকআপের ধাক্কায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার উত্তরপাড়ার সেকেন্দার আলীর ছেলে জুয়েল রানা (৩৮) ও একই উপজেলার রুয়েরকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে কালু হোসেন (৩৭)। তারা পেশায় গরু ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ-গোপালনগর গ্রামের মধ্যবর্তী স্থানে পিকআপের চাপায় এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পিকআপ চালক ও গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
সাভার: সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সাভারের সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম মো. জুয়েল হোসেন (২৫)। এসময় আহত হয়েছেন অপর এক যুবক। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। অপরদিকে আশুলিয়ার নয়ারহাটে দুপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/আরকেজি
