পিরোজপুরের কাউখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা জাতীয় যুবসংহতির (জেপি) নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেপির উপজেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুব সংহতির সহ-সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক কবির ডাকুয়া, স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ছাত্রসমাজের আহ্বায়ক কাইয়ুম শেখ প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আবারো নির্বাচিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাইসাইকেল মার্কার সমর্থনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
