রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৪:১১
রাজশাহীতে চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর অদূরে সিটি বাইপাস সড়কের ডাবতলায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 
 
পুলিশ সূত্রে জানা যায়, নিহত অটোরিকশার চালক শরিফুল ইসলাম ওরফে মুন্না (৩৮) নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফেত্তাপাড়ার মান্নানের ছেলে। ঘটনাস্থলে লাশ পাওয়া গেলেও শরিফুলের অটোরিকশা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্যই দুর্বৃত্তরা শরিফুলকে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহত শরিফুলের স্ত্রী সালমা বেগম থানায় মামলা করেছেন। 
 
নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সড়কের পাশের একটি মেহেগনি বাগানে শরিফুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর মরদেহ থানায় নিয়ে আসে। মুন্নার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি