রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবে না

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

এ বছর রমজানে ঢাকাসহ দেশের কোথাও চিনির ঘাটতি হবে না। দেশে এ মুহূর্তে চিনির পর্যাপ্ত মজুদ আছে। রমজান উপলক্ষে ঢাকার ১৬টি স্থানে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালনায় ট্রাকসেলের মাধ্যমে চিনি বিক্রি করা হবে। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তে অন্তর্ভুক্ত মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় একথা জানানো হয়। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্প প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের অনেক উদ্যোক্তা চিনিশিল্প প্রতিষ্ঠানসমূহের উত্পাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। পুরাতন চিনিশিল্প কারখানায় আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করে সেগুলোকে পুনরায় লাভজনক করে তুলতে হবে। চিনিশিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে উন্নতমানের আখ উত্পাদন করার মাধ্যমে আখ চাষিদের উত্সাহিত করতে হবে। অধিক উত্পাদন ক্ষমতাসম্পন্ন নতুন জাতের আখের জাত উদ্ভাবন করতে হবে। সাভার ট্যানারি শিল্পনগরীর ইটিপি পরিচালনার জন্য ট্যানারি শিল্পগুলোর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ৩০ এপ্রিল ২০১৯ এর মধ্যেই একটি কোম্পানি গঠনের জন্য তাগাদা দেন তিনি। এছাড়া, সভায় মুন্সীগঞ্জে বিসিক প্লাস্টিক শিল্পনগরী ও বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশ প্রদান করা হয়।