গোয়ালন্দে বিএনপির ২৭ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৭:৩৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে নাশকতা মামলার ২৭ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
 
আসামিরা হলেন- সোবাহান মোল্লা, মুন্নাফ হোসেন ফেলু, দেলোয়ার মণ্ডল, শরীফ বেপারী, সুলতান মোল্লা, এরশাদ হোসেন, ওয়াহেদ, তাজেল সর্দার, নওশাদ মৃধা, আতিয়ার মন্ডল, রেজাউল করিম, জাবির খান, একেন শেখ, বাবু মৃধা, সাইদ মোল্লা, বাবু শেখ, মুরাদ আল রেজা, হারুন কাজী, তপন ঘোষ, শফিক প্রামানিক, ফারুক মোল্লা, ফেরদৌস শেখ, নবু শেখ, পিরু কাজী, রাজ্জাক মোল্লা, শহিদুল সর্দার ও ইসলাম মোল্লা। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের গাড়িতে হামলা ও  বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ করার মামলা রয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মার মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য জখম হন বলে দাবি করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৪৭ জনকে আসামি করে মামলা দায়ের করে।
 
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু জানান, মামলাটি শতভাগ মিথ্যা ও গায়েবী। নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের কারাগারে আটকে রাখার জন্য সরকারের নির্দেশে পুলিশ এই ঘৃণ্য মামলাটি করেছে। আমরা দ্রুত আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই।
 
ইত্তেফাক/বিএএফ