জয়পুরহাটে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৭ জনের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৪৭
জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। 
 
অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন মারা যান। তারা হলেন- মোমেনা খাতুন (৬৫), তার ছেলে আব্দুল মোমিন (৩৫) ও নাতনি বৃষ্টি (১৫)। এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুল মোমিনের স্ত্রী  পরিনা খাতুন (৩৩), নাতনি হাসি (১৩), খুশি (১৩) ও দেড় বছরের শিশু নূর চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ জনে। বর্তমানে গৃহকর্তা দুলাল হোসেন (৬৯) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
 
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আরামনগর এলাকার দুলাল হোসেনের বাড়িতে রাইস কুকার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের ৮ সদস্য বাড়ির ভেতরে  ছিলেন। ফলে কেউ বের হতে পারেন নি। প্রতিবেশী সেলিম জানালা ভেঙ্গে আহতদের উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এছাড়া পাঁচজন দগ্ধ হন। 
 
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
 
ইত্তেফাক/ইউবি