হঠাৎ ঢাকা ও নাটোর থেকে রাজশাহী অভিমূখী দুরপাল্লার সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে এ রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে দুরপাল্লার বাস রাজশাহীতে প্রবেশ করতে না পারায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন রাজশাহীগামী যাত্রীরা। কেউ কেউ ছোট ছোট যানবাহনে স্বল্প পাল্লার ভাড়ার গাড়িতে করে রাজশাহীতে আসছে।
দূরপাল্লার কোন গাড়ি রাজশাহীতে প্রবেশ করছে না। হঠাৎ ধর্মঘটের কারণ জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাতক মো. মোমিনুল ইসলাম বলেন, নাটোর রুটে শ্রমিকদের নির্যাতন করায় বাস বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী থেকে দূরপাল্লার কোন বাস যাচ্ছেও না, আসছেও না। কতক্ষণ ধর্মঘট চলবে? জানতে চাইলে তিনি বলেন, তা বলা যাচ্ছে না। এটি ঠিক করার চেষ্টা চলছে।
তবে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করে বলেন, আগামীকাল শুক্রবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে নেতাকর্মীরা ভালোভাবে সমাবেশে যেতে আসতে না পারেন।
ইত্তেফাক/নূহু
