ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে প্রতিবন্ধী রিফাত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:৪০
শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাত। বয়স ১৪ বছর। চতুর্থ শ্রেণির একজন মেধাবী ছাত্র সে। শ্রেণি রোল ১। নিয়মিত স্কুলে উপস্থিত হয় বন্ধুদের সঙ্গে। কিন্তু তার স্কুলে যাওয়া আসা স্বাভাবিক আর পাঁচজন শিশুর মতো নয়। রিফাত স্কুলে যায়-আসে বন্ধুদের সাহায্যে হুইল চেয়ারে চড়ে।
 
প্রতিদিন ছোট বোন আরশি, বন্ধু বিপ্লব, রোহান, খুশি, ফারজানাদের সাহায্যে হুইল চেয়ারে চড়ে স্কুলে যায় রিফাত। বন্ধুদের সহযোগীতায় তাকে বাড়ি ফিরতে হয়। রিফাত চৌগাছা রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র। শহরের ব্র্যাক পাড়ার ক্ষুদ্র কাঁচামাল ব্যাবসায়ী হতদরিদ্র আবুল খায়েরের ছেলে। মা লাকি বেগম গৃহিনী। বসবাস করেন শিল্পপতি রায়হান সাহেবের দেওয়া অনুদানের বাড়িতে। তিন সন্তানের মধ্যে ২য় সন্তান রিফাত। দরিদ্র পরিবারের সন্তান রিফাত প্রতিবন্ধী (দুটি পা বিকলঙ্গ) হলেও ছোট থেকে অত্যন্ত মেধাবী ও চঞ্চল।
 
স্কুলের শিক্ষকরা জানান, অদম্য সাহসী রিফাত স্কুলে ভর্তির পর থেকে ক্লাসের ফার্স্ট বয়। লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী। মা লাকি বেগম জানান, জন্ম থেকে সে শারীরিকভাবে প্রতিবন্ধী। ডাক্তাররা জানিয়েছেন, ক্যালসিয়াম অভাবে পা বিকলাঙ্গ হয়েছে। ডাক্তার দেখিয়েছি তেমন কোনো উপকার হয়নি। ডাক্তাররা বলেছেন উন্নত চিকিৎসা করালে কিছুটা ভালো হতে পারে। 
 
লাকি বেগম আরো জানান, যতক্ষণ বাড়িতে থাকে রিফাতের কাজ হলো বিভিন্ন গাড়ির যন্ত্রপাতি তৈরি করা। সবসময় কোনো না কাজের মধ্যে থাকতে পছন্দ করে রিফাত। অন্যের সহায়তা ছাড়াই বাতিল বলপেন, কাগজ, ফোম দিয়ে তৈরি করেছে, জিপগাড়ি, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, রেফ্রিজারেটর, দ্বিতলবাস, ট্রাক, ফ্যানসহ বিভিন্ন প্রকার খেলনা। ব্যাটারি ও বিদ্যুতের সহায়তায় ছুটে চলছে তার নিজের তৈরি করা খেলনা গাড়িগুলো।
 
রিফাতের ইচ্ছা চার চাকার একটি মোটরবাইক তৈরি করা। যে গাড়ি ব্যবহার করে অন্যের সাহায্য ছাড়া নিজেই চলতে পারবে সে। সে আরো জানায়, লেখাপড়া শিখে সে ইঞ্জিনিয়ার হবে।
 
পিতা আবুল খায়ের জানান, রিফাত প্রতিবন্ধী এবং বয়সে ছোট হলেও তার সব কাজে রয়েছে অদম্য ইচ্ছা শক্তি। সে গাড়িটি তৈরি করতে চায় সেসব উপকরণের মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। তিনি বলেন, এত টাকা পাব কোথায়! টাকার অভাবে তার ইচ্ছা হয়তো কোনোদিন পূরণ হবে না!
 
স্কুলের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন সুমন জানান, শারীরিক প্রতিবন্ধী হলেও রিফাত অত্যন্ত সাহসী, মেধাবী ও মনোযোগী। তাছাড়া তার বাবা গরীব অসহায় বিধায় আমি তাকে বিনা পয়সায় স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছি। তবে রিফাতের মধ্যে সম্ভাবনা আছে। 
 
ইত্তেফাক/নূহু