স্কুলের বেতন দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:১৯
স্কুলের বেতন দিতে না পারায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী।  বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। পরে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। সোনিয়া আক্তার ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়া এলাকায় নওগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। 
 
জানা গেছে, বাবা ও মায়ের বিচ্ছেদ হওয়ার পর সোনিয়া রুইয়ার পোল এলাকায় মা ফুলবানুর সঙ্গে থাকতো। ফুলবানু দিন মজুরের কাজ করে সংসার চালাতো। বাবা জামাল রাঢ়ী অন্যত্র থাকতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
 
নিহত সোনিয়ার মা ফুল বানু জানান, বিদ্যালয়ে বেতন দিতে না পারায় শিক্ষকরা তাকে প্রায়ই বকাঝকা দিতো। সকালে সোনিয়া মায়ের কাছে বেতনের টাকা চায়। এ সময় মায়ের সঙ্গে তার বাদানুবাদ হয়। পরে মা ফুলবানু মেয়েকে ঘরে রেখে অন্যত্র যান। ঘন্টাখানেক পর ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে।
 
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ জানান, সোনিয়ার মৃত্যু ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে না।
 
ইত্তেফাক/নূহু