দিনাজপুরের বিরামপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী নিখোঁজের পরদিন নবাবগঞ্জ উপজেলার ধানক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর কলেজ বাজার মহল্লার মৃতঃ নইম উদ্দিন মাস্টারের ছেলে বিশিষ্ট স’ মিল ও কাঠ ব্যবসায়ী নূরুজ্জামান পুশি (৪০) বুধবার বিকেলে ব্যবসায়ীক টাকা আদায়ের জন্য নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে যান। ঐদিন সন্ধ্যা থেকে তার মোবাইল বন্ধ পেয়ে স্বজনরা খোঁজ শুরু করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের মধ্যমাগুড়া গ্রামের ধানক্ষেত থেকে নবাবগঞ্জ থানা পুলিশ ওই যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে।
স্থানীয় শালখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এনামুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ আটক সন্দেহভাজন রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে নিহত ব্যক্তির পরনের জামাকাপড় উদ্ধার করেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি সুব্রত রায় জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং এজাহার নামীয় এক আসামিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
