ট্রাক চালককে গলা কেটে চাল ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৩৩
ট্রাক চালক আব্দুস সালামকে (২৫) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করা হয়েছে। এ সময় ওই চালকের ট্রাকসহ ট্রাকভর্তি চাল ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইলে ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
আব্দুস সালামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারবারিষা ইউনিয়নের বিন্যাবাড়ি হাজীর হাট গ্রামে। তিনি ওই গ্রামের আ. আজিজের ছেলে।
 
আহত ট্রাক চালক আব্দুস সালাম জানান, তিনি ভাড়ায় ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চাল পৌঁছে দেন। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহের রাজ কুমার অটোরাইজ মিল থেকে এক ট্রাক চাউল নিয়ে ঢাকার বাবু বাজারে উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় হেলপার রাসেল তার সঙ্গে ছিলেন।
 
তাদের ট্রাকটি রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌঁছালে হেলপার রাসেল খাওয়ার জন্য ট্রাকটি থামাতে বলেন। এস ময় রাসেল তার ভগ্নিপতি পরিচয়ে এক ব্যাক্তিরে ট্রাকে তুলে নেয়। এ সময় রাসেলের দেওয়া জুস খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরমধ্যে তার হাত-পা বেঁধে কেচি দিয়ে গলায় আঘাত করা হচ্ছিল। জ্ঞান ফিরলে তিনি চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হেলপার ও তার কথিত দুলাভাই পালিয়ে যান। হাসপাতালে গিয়ে গলায় ১৭টি সেলাই দিতে হয়েছে।
 
ওই চালক আরো জানান, ঘটনার পর থেকে হেলপার রাসেল পলাতক রয়েছে। হেলপার রাসেল প্রায় সময়ই নেশা করতো।
 
ঘটনাটি ট্রাক মালিক বিজয় বাবুকে জানানো হলেও তিনি চালক আব্দুস সালামকে সহযোগিতা করেননি। এতে ট্রাকচালক সালামের পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন।
 
ট্রাক মালিক বিজয় বাবু বলেন, ট্রাক চালককে চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ পর্যন্ত সব খরচ তারই করা।
 
এ ঘটনায় হেলপার রাসেলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/নূহু