সাভারের আশুলিয়ায় গাড়ি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে চারটি চোরাই গাড়ি ও বেশকিছু ভুয়া নাম্বারপ্লেটসহ গাড়ি চোর চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ। এ সময় বিভিন্ন চোরাই গাড়ির কাগজপত্র এবং দৈনিক দেশ পত্রিকার একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুরের কোনাবাড়ি আমবাগান মহল্লার ঢালাই কারখানার সামনে থেকে গাড়িগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আটককৃত মূল হোতার নাম মোঃ হৃদয় মোল্লা (১৮)। সে কোনাবাড়ি এলাকার মোঃ আয়নাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ ফারুক ওরফে আনিছুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাবেদ মাসুদ বলেন, গত ১০ সেপ্টেম্বর আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে একটি নীল রংয়ের টাটা গাড়ি চুরি হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হলে পুলিশ চোরাই গাড়িটি উদ্ধারের কাজ শুরু করে। তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজিপুরের কোনাবাড়ি এলাকায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কোনাবাড়ি আমবাগান এলাকার মোঃ ফারুক ওরফে আনিছুর রহমানের বাড়ির সামনে থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি জ্যাক ট্রাক, একটি নোয়াহ মাইক্রোবাস, বিভিন্ন চোরাই গাড়িরর ২৫টি গাড়ির নাম্বারপ্লেট, কাগজপত্র জব্দ এবং গাড়ি চোর চক্রের মূল হোতা হৃদয় মোল্লাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক হৃদয় মোল্লা ও তার বাবা মোঃ ফারুক ওরফে আনিছুর রহমান পারিবারিকভাবে চোরাই গাড়ি বেঁচাকেনার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় সাংবাদিকসহ বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইত্তেফাক/নূহু
