লংগদুতে এমএন লারমা গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৪
রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ভাইজ্যা গোলা চাকমা ওরফে রাজা (৪৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা সংস্কার) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার মধ্যরাতে লংগদু উপজেলার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাইজ্যা গোলা চাকমা ওরফে রাজা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এম এন লারমা সংস্কার গ্রুপের কালেক্টর হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত রাতে তিনি বড়াদমের বান্দুরতলার শান্তিময় চাকমার বাড়িতে রাত্রী যাপন করছিলেন। দুর্বৃত্তরা তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে রাজাকে গুলি করে হত্যা করে চলে যায়। 
 
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান, ভাইজ্যা গোলা চাকমা ওরফে রাজা জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের কালেক্টর হিসাবে কাজ করতো বলে জানা গেছে। গত মধ্যরাতে তাকে এক দল সন্ত্রাসী গুলি করে হত্যা করে।
 
ইত্তেফাক/ইউবি