নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পাঁচ বছর অনুপস্থিত থেকেও চিকিত্সক স্বপদে বহাল!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৪৯

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সক ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এরপরও তিনি নিজস্ব পদে বহাল আছেন। তবে অনুপস্থিতির পর থেকে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে। এই চিকিত্সক কর্মকর্তা হলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কর্মকর্তা পিনাক শুভ রায়। তার স্থলে এখন পর্যন্ত অন্য কোনো মেডিসিন চিকিত্সক কর্মকর্তা যোগ না দেওয়ায় দিনের পর দিন যথাযথ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. শফিউর রহমান বলেন, মেডিসিন কর্মকর্তা চিকিত্সক পিনাক শুভ রায় ছুটির কোনো আবেদন না করেই গত পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ জন্য তার পদ শূন্য বলে ঘোষণা করা যাচ্ছে না। অবশ্য তিনি বেতনও পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কয়েকবার শোকজ করলেও তিনি কোনো জবাব দেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিত্সক (ইউএইচও) আস আদ দীন মাহমুদ বলেন, মেডিসিন কর্মকর্তা চিকিত্সক পিনাক শুভ রায় ২০১৪ সালের ২৮ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত বর্তমানে তিনি কোথায় আছেন তা আমি জানি না। তাকে কয়েকবার শোকজ করেও কোনো জবাব না পাওয়ায় ২০১৪ সালে জেলা ঊর্ধ্বতন (সিভিল সার্জন) কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। পরে ২০১৫ সালে স্বাস্থ্য মহাপরিচালক ও মন্ত্রণালয়কে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় লিখিত অভিযোগ পাওয়ার পর চিকিত্সক পিনাক শুভ রায়ের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করে।

এদিকে, চিকিত্সক পিনাক শুভ রায়ের মোবাইলে বেশ কয়েকবা চেষ্টা করেও কোনো সংযোগ পাওয়া যায়নি।

গত রবিবার সকালে চিকিত্সক পিনাক শুভ রায়ের দেশের বাড়ি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সাহা পাড়া গ্রামে গিয়েও তাকে বা তার পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। কারণ, তার পরিবারের সবাই ঢাকায় থাকেন।

তার চাচাতো ভাই প্রিয়তোষ রায় বলেন, পিনাক শুভ রায় কোথায় আছেন তা আমরা জানি না। বাড়ির সাথে দীর্ঘদিন ধরে তার কোনো যোগাযোগ নেই। পিনাক শুভ রায় দেশের বাইরে গিয়েও থাকতে পারেন বলে তার চাচাতো ভাইয়ের ধারণা।