ঝালকাঠির রাজাপুরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধকে পেছনে ফেলে কিশোরদের খুন-জখমের মতো ভয়ংকর অপরাধে জড়ানোর প্রবণতা বাড়ছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদর বিদ্যালয় মার্কেটে সংলগ্নে শেখ রাসেল স্মৃতি সংসদের কক্ষে প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে আঃ কাইয়ুম (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। আঃ কাইয়ুম উপজেলার সাংগর গ্রামের মোঃ নাসির আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলা সদরের শেখ রাসেল স্মৃতি সংসদের কক্ষে আঃ কাইয়ুম সিগারেট জালায়। এ ঘটনা দেখে কক্ষের ভিতর উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের (মনোনয়ন প্রাত্যাশী) বোনের ছেলে মোঃ আলামিনসহ পলাশ, জিম ও অজ্ঞাত ৫/৬ জনের একটি কিশোর গ্রুপ আঃ কাইয়ুমের ওপর ক্ষিপ্ত হয়ে প্রথম দফায় হামলা চালিয়ে তাকে স্মৃতি সংসদের কক্ষে থেকে বের করে দেয়। পরে দ্বিতীয় দফায় স্মৃতি সংসদের সামনে আবার কাইয়ুমকে কিলঘুষিসহ ক্ষুর দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে। এতে কিশোর কাইয়ুম গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উল্লেখ্য, সম্প্রতি রাজাপুরে মফস্বল থেকে উপজেলা শহরে আসা কিশোরেরা সমাজে টিকে থাকার জন্য এবং উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে অপরাধে জড়াচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত আলামিনের মাতা মোসাঃ লিপি আক্তার অভিযোগ অস্বীকার করে জানান, আহত কাইয়ুম আমার ছেলে আলামিনের পায়ে ক্ষুর দিয়ে আঘাত করেছে। তখন ক্ষুর ধরতে গিয়ে ঐ ক্ষুর কাইয়ুম নিজেই আহত হয়।
এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
