স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারো কারাগারে নেওয়া হয়েছে মানহানি মামলায় গ্রেফতার জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে।
আজ শনিবার সকালে পুলিশি কড়া নিড়াপত্তায় কারাগারের একটি মাইক্রোবাসে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে রবিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে অন্য কোনো জেলায় স্থানাস্তরের সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেন আদালত।
দুই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল রবিবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুলের আইনজীবী।
উখ্যে, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে গত ২২অক্টোবর রংপুরে মামলা দায়ের করেন নারী মানবাধিকার কর্মী মিলি মায়া বেগম। ওইদিন তাকে আটক করা হয়।
ইত্তেফাক/নূহু
