কুড়িগ্রাম জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও ব্রেকিং দ্য সাইলেন্স-এর উদ্যোগে তৃণমুল পর্যায়ে শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। শনিবার দুপুরে কুড়িগ্রামে অংশীদারিত্বের ভিত্তিতে স্বপ্ন প্রকল্প এলাকায় ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ কর্মসূচির সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক সম্পাদক ও ব্রেকিং দ্য সাইলেন্সের চেয়ারপারসন তাসমিমা হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ড. কাজল চ্যাটার্জি, সেভ দ্য চিলড্রেন সিআরজি প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আশিক ইকবাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, ব্রেকিং দ্য সাইলেন্স পরিচালক জাহিদুল ইসলাম, বিটিএস প্রজেক্ট ম্যানেজার মো. তারেকুজ্জামান প্রমুখ।
ইউএনডিপি ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, স্বপ্ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ব্রেকিং দ্য সাইলেন্স ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্প উদ্বোধনের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারগণ, স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্পের আওতায় শিশু ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধ শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৃণমুল পর্যায়ে শিশু ফোরাম গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রি বাজেট ও উন্মুক্ত বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট প্রনয়ন করে তাদের উন্নয়নে ভূমিকা রাখছে।
দৈনিক ইত্তেফাক সম্পাদক ও ব্রেকিং দ্য সাইলেন্সের চেয়ারপারসন তাসমিমা হোসেন তার বক্তব্যে বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যৌথভাবে ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্পের বাস্তবায়ন করবে। যার মাধ্যমে এই অঞ্চলের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শিশুরা তাদের অধিকার বাস্তবায়নে নিজেরা সোচ্চার হবে। এক্ষেত্রে কুড়িগ্রামের জিও, এনজিও, সুশীল সমাজ সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সরকারের তৃণমুলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শিশু ও স্থানীয় জনগনের সম্পৃক্ততার মাধ্যমে শিশু অধিকার পরিস্থতি পর্যবেক্ষন, শিশু কেন্দ্রিক নীতিমালা প্রণয়ন ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরো বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই শিশুদের নিজেদের জানা, তাদের শারীরিকভাবে বেড়ে ওঠা বিষয়ে জানার অধিকার পারিবারিকভাবে নিশ্চিত করা। শিশুদের সম্পৃক্ততার মাধ্যমে আস্তে আস্তে স্থানীয় সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স। এই প্রকল্পের আওতায় শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যা চিহিৃত করে স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন ও সমাধানের উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসনসহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, শিশু অধিকার বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের সঙ্গে ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্প যৌথভাবে কাজ করলে এই অঞ্চলের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে উপকৃত হবে। শিশুদের অধিকার বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীরা সচেতন হবে। যার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ শিশুর অংশগ্রহণের পরিকল্পনা সহজেই তা বাস্তবায়ন করতে পারবে। জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শিশুদের উন্নয়নে আরো ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করবে।
ইত্তেফাক/নূহু
