ক্যান্সার আক্রান্ত ক্ষুদেভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন সালমান

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৯:০৫

 

ক্যান্সার আক্রান্ত ছোট্ট শিশুটির ইচ্ছা বলিউড সুপারস্টার সালমান খানকে সরাসরি দেখার। সম্পর্কে অভিনেতা গোবিন্দ’র স্ত্রী ভাগিনা হয় শিশুটি। এ খবর জানতে পেরে ছেলেটির স্বপ্ন পূরণ করতে হাসপাতালে ছুটে গেলেন সালমান।
 
শিশুটির পাশে বসে মুখে হাসি ফোটানোর নানা রকম চেষ্টা করতে শুরু করেন সালমান। শেষমেশ ছেলেটির মুখে হাসি ফোটাতে সমর্থ হন তিনি। যদিও কিছুক্ষণ পরই নিজের চোখ মুছতে দেখা যায় সালমানকে। শুধু তাই নয় হাসপাতালটির অন্য বাচ্চাদের সঙ্গেও সময় কাটিয়েছেন এই মহাতারকা। কেক কেটেছেন চিকিৎসাধীন শিশুদের নিয়ে।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালে শিশুটির সঙ্গে সময় কাটাচ্ছেন সালমান। ইনস্ট্রাগ্রামে ভিডিওটি শেয়ার দেয় সালমান খানের এক ভক্ত। এরপরই বিষয়টি সবার নজরে আসে। সালমানের এমন মহানুভবতার কারণে প্রশংসা করে ভিডিওটি সবাই শেয়ার দিতে শুরু করেন।
 
 
‘বিং হিউম্যান’ লেখা টি-শার্ট পরে হাসপাতালে এসেছিলেন সালমান। এ নামে তার একটি এনজিও আছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেন এই অভিনেতা। তবে সমাজসেবামূলক এই ধরণের কাজ অনেকটা আড়ালেই করতে পছন্দ করেন ‘সুলতান’খ্যাত এই তারকা।
 
ইত্তেফাক/টিএস