গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবেশী যুবকের লাথিতে ওমর আলী ভূইয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। ওমর আলী টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের মৃত সাত্তার আলী ভূইয়ার ছেলে।
ওমর আলী ভূইয়ার প্রতিবেশী মাহবুব হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমর আলী প্রতিবেশী পান ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারকে মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহবান জানান। আলাউদ্দিন নামাজে যেতে রাজি না হয়ে ওই বৃদ্ধের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আলাউদ্দিনের ঘাড়ে ওমর আলী হাত দিলে সে ক্ষিপ্ত হয়ে তার অণ্ডকোষে লাথি মারে। এতে ওমর আলী আহত হন।
শুক্রবার তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আলাউদ্দিন গা ঢাকা দিয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
