টেকনাফে মাদকের চালান বহনকারীর লাশ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:২৪
কক্সবাজারের টেকনাফে মাদকের চালান বহনকারী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া একটি মৎস্য ঘের লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যাগ ভর্তি ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
 
জানা যায়, রবিবার দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এএসআই দীপক বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল সাবরাং ইউনিয়নের কচুবনিয়া একটি মৎস্য ঘের হতে অজ্ঞাত যুবকের লাশ, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ইয়াবা ভর্তি ২টি ব্যাগ উদ্ধার করে।
 
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, অস্ত্র, বুলেট ও ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। সে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি আরো জানান, ব্যাগে ১লাখ ইয়াবা পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ