নিকলীতে বর্তমানে এক মণ ধান বিক্রির টাকায় এক কেজি মাংসও কেনা যাচ্ছে না। উপজেলার সদরসহ বিভিন্ন বাজারে এক কেজি খাসির মাংসের দাম ৮শ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মণ বোরো ধান ৫শ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে সাধারণ কৃষকের মুখে উঠছে না বোরো উত্সবের মাংসের স্বাদ।
উপজেলার সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষক মহবত দুঃখ করে বলেন, এভাবে কি আর সংসার করা যায়। এক মণ ধানে এক কেজি মাংস পাওয়া যায় না। ধান বিক্রি করে কামলা আর মানুষের ঋণ দিতে দিতেই টাকা শেষ। একই গ্রামের সমু মিয়া বলেন, অনেক দিন ধরে ছেলেমেয়েদের মুখে খাসির মাংস দিতে পারি না। বৃহস্পতিবার সকালে এক মণ বোরো ধান ৫৫০ টাকায় বিক্রি করে নিকলী সদর বাজারে গিয়ে দেখি এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৮শ টাকায়। বাধ্য হয়ে মাংস না নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরে আসি।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, নতুন ধান কেনাবেচা হচ্ছে। নতুন বোরো হাইব্রিড মোটা ধান প্রতি মণ ৪৫০ টাকা, ব্রি ২৯ ধান ৫শ ও ব্রি ২৮ ধান ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
