গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে আহত হয়ে আব্দুল বাতেন মিয়া (৪০) নামে এক কৃষক বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহত আব্দুল বাতেন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলো, একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে শান্তি (১৩), একই এলাকার উত্তরপাড়া গ্রামের জাফিরুল শেখের ছেলে এনামুল শেখ (২০) ও মনিরুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও তালুককানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, আঃ বাতেন গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি ধানক্ষেত দেখতে গেলে ওই এলাকায় লুকিয়ে থাকা একটি শেয়াল তাকে আক্রমণ করে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শেয়ালটি তাদেরও আক্রমণ করে। এতে এক কিশোরীসহ আরও তিনজন আহত হন। পরে গ্রামবাসী ধাওয়া করে শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
ইত্তেফাক/নূহু
