স্পোর্টস রিপোর্টার
বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৯) ফুটবলে লাওস বড় জয় পেয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাওস ৫-০ গোলে হারায় মঙ্গোলিয়াকে। দুর্ভাগ্য কেউ হ্যাটট্রিক করতে পারেনি। টুর্নামেন্টে এটাই সবচেয়ে বড় জয়। আর এই বড় জয়ের সুবাদে সেমিফাইনালের পথ দেখছে লাওস। মঙ্গোলিয়া তাদের প্রথম খেলায় তাজিকিস্তানকে হারিয়েছিল ৩-০ গোলে। কাল যদি মঙ্গোলিয়া জিততে পারত তাহলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। হারের কারণে ঝুলে থাকল মঙ্গোলিয়া। কারণ এই গ্রুপের শেষ খেলা রয়ে গেছে। শনিবার লাওস এবং তাজিকিস্তান ম্যাচ। সেই ম্যাচ ড্র হলে লাওস সেমিফাইনালে উঠে যাবে এবং তাজিকিস্তানের বিদায় হয়ে যাবে। ভাগ্য খুলে যাবে মঙ্গোলিয়ার। ৩ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠে যাবে লাওসের সঙ্গী হয়ে। সেই সঙ্গে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে। যে কারণে শনিবারের ম্যাচটি অনেক হিসাব-নিকাশের।
