স্পোর্টস রিপোর্টার
গতকাল নারী ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি এবং রূপালী ব্যাংক।
বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১১২ রান তুলে অলআউট হয় আনসার ও ভিডিপি। আনসারের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন তিথি রানী সরকার। জবাবে শামীমা আক্তার সুপ্তার ফিফটিতে ২৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করা শেখ রাসেল ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান তোলে। বৈশাখী ৪৭ ও রুমানা ৪১ রান করেন। জবাবে তাজ নেহারের ৪১ রানের পরও ১৬০ রানে অলআউট হয়ে যায় আবাহনী লিমিটেড।
বিকেএসপির ২ নম্বর মাঠে কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিকে ৯ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। আগে ব্যাট করা কেরানীগঞ্জ ৪৯ ওভারে ১৩৯ রানে অলআউট হয়। নিপা আক্তার ৪৭ রান করেন। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপালী ব্যাংক। শুকতারা অপরাজিত ৭৩ ও ফারজানা হক পিংকি অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন।
