রাবির নতুন প্রক্টর আসাবুল হক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৩

শিক্ষার্থীদের চাপের মুখে ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. আসাবুল হক। 

বুধবার (২ ফেব্রুয়ারি) রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এই নিয়োগ দেন। এদিন দুপুরে প্রফেসর আসাবুল হক প্রক্টরের দায়িত্বে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, গতকাল রাতে রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

হিমেল। ছবি: ইত্তেফাক

জানা গেছে, ড. আসাবুল হক ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। তার আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ বছর গণিত বিভাগে প্রভাষক ছিলেন। রাবিতে ইতিপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ, বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয় সিনেটের নির্বাচিত সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান স্টিয়ারিং কমিটিরও সদস্য।

এদিকে দায়িত্বে যোগদানের পর মন্তব্যে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

ইত্তেফাক/এএএম