খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে একই আইনের অন্য এক ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম দেওয়া হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা দাকোপ উপজেলা সদরের চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। ঐ বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা নাসিমা আক্তারের ঘর তল্লাশি করে তারা ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদি হয়ে নাসিমা আক্তারকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন।
