পাহাড়ের ফুলঝাড়ুর চাহিদা দিনদিন বাড়ছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫

বান্দরবানের পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলঝাড়ুর চাহিদা দিনদিন বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য জেলাতেও। রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। 

পাহাড় থেকে এই ফুল সংগ্রহ করে ঝাড়ু বানিয়ে বিক্রি করে জীবন-জীবিকা চালাচ্ছেন পাহাড়ের হাজারও মানুষ। দেশের অর্থনীতিতেও অবদান রাখছে এই ফুলঝাড়ু। কারণ অন্য ঝাড়ুর চেয়ে পাহাড়ের ফুলঝাড়ুর গুণমান ভালো, টেকে বেশি দিন, দামেও কম এবং দেখতে সুন্দর।

পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই ঝাড়ুফুল দেখতে অনেকটা কাশফুলের ডাঁটার মতো। শীতে এসব গাছে ফুল আসে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা ফুল শুকানোর পর ঝাড়ু বানিয়ে বাজারে বিক্রি করা হয়। পাইকাররা এগুলো কিনে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেন। অনেকেই সরাসরি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। আবার অনেকেই আড়তদার বা পাইকারদের কাছে বিক্রি করেন। 

বন বিভাগ জানায়, ফুলঝাড়ু থেকে রাজস্ব সরকারের তহবিলে জমা হয়। ঝাড়ুফুল ব্যবসায়ী ইকবাল ও গাজী ফিরোজ জানান, একটি ট্রাক ভর্তি করতে হলে প্রায় ৫ লাখ টাকার ফুল কিনতে হয়। পাহাড়ি এই ফুলঝাড়ুর চাহিদা রয়েছে এবং দিন দিন চাহিদা বাড়ছে বলেও তারা জানান।

ইত্তেফাক/ আরাফাত