ডিজিটাল প্রতারণা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬

দেশ দ্রুতগতিতে ডিজিটাল হয়ে উঠছে। সেই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রতারণা। এই প্রতারণা রুখতে করণীয় কী? এ ব্যাপারে টেলিফোন ও ইমেইলে প্রাপ্ত পাঠকের অভিমত আজ প্রকাশিত হলো

ডিজিটাল প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে হলে এ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে এ ধরনের শর্ত বা চুক্তি এড়িয়ে চলতে হবে। ব্যবসা-বাণিজ্যে আইনি ফাঁকফোঁকর যাতে না থাকে, সে বিষয়ে সাবধান থাকতে হবে। কাউকে না বুঝে, না জেনে তার কোনো ছবি বিনিময় করা, গোপন তথ্য বা বিষয় শেয়ার করা যাবে না। সচারচর কারোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে না যাওয়া হবে বুদ্ধিমানের কাজ। প্রতারণার ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে কারোর মুখের কথায় বিশ্বাস করা উচিত নয়। নিজে সচেতন থাকতে হবে। কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল আইনে মামলা করতে হবে। প্রয়োজনে প্রতারককে আইনের হাতে সোপর্দ করতে হবে।

মুহাম্মদ আবুল কালাম আজাদ, সরদার পাড়া, মুন্সীগঞ্জ

কার হাতে নেই মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেট—হোক সে ধনী বা গরিব। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে ঘিরে সক্রিয় অসংখ্য ডিজিটাল প্রতারক চক্র। ফোন করেই মানসিক চাপে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার কৌশলের কাছে হার মানেন অনেকেই। কিছু কিছু চক্র ভুয়া অনলাইন পেজ খুলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ইদানীং বাংলাদেশে একাধিক কোম্পানি বেরিয়েছে যারা মালটিলেভেল মার্কেটিংয়ের মাধ্যমে আউটসোর্সিংকে পণ্য হিসেবে ব্যবহার করছে। তাছাড়া অনলাইনের মাধ্যমে সাশ্রয়ী দামে গ্রাহক পর্যায়ে সরাসরি পণ্য পৌঁছে দিতে দেশে জনপ্রিয়তা অর্জন করেছে ই-কমার্স ব্যবসা। অনলাইনে ক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহে প্রি-অর্ডারের নামে অগ্রিম টাকা নিয়েও করছে প্রতারণা। এদের অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত।

মোহাম্মদ শহীদ উল্যা, হক ভিলা, ৪/১, মেরাদিয়া, ঢাকা।

নানা ধরনের ভয়ংকর সব প্রতারণা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। সময়ের সঙ্গে বাড়ছে প্রতারকের সংখ্যাও। বদলাচ্ছে প্রতারণার ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওত পেতে থাকা প্রতারকরা নানা কৌশলে অর্থকড়ি হাতিয়ে নিয়ে নিঃস্ব করছে সাধারণ মানুষকে। এমন সব প্রতারণার ঘটনা ঘটছে—অনেকে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে তা চেপেও যান। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, অবস্থাটা এমন দাঁড়িয়েছে—যেন প্রতি এক গজ দূরত্বে দাঁড়িয়ে আছে একেক জন প্রতারক! নানা কায়দায় প্রতারণার ফাঁদ পাতে এরা। সাধারণত সহজ-সরল মানুষই তাদের প্রধান লক্ষ্য। সুযোগ বুঝেই নানা ছলচাতুরি ও মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে। এসব প্রতারণার মধ্যে কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন, বিকাশ বা মোবাইল ফোনে বড় পুরস্কার জেতা, জাদুর বাক্সে টাকাকে ডলারে রূপান্তর, কম দামে ভালো জিনিস বিক্রির নামে পুরোনো কাপড় গছিয়ে দেওয়া, অনলাইনে বিনিয়োগ করে দ্রুত অধিক মুনাফা অর্জন ও ভাগ্য পরিবর্তন ইত্যাদি বিচিত্র ও অভিনব কৌশলে প্রতারণা করে আসছে এরা। এদের খপ্পর থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে, সচেতন থাকা ও লোভ পরিহার করা।

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর, দিনাজপুর।

একটি সংঘবদ্ধ চক্র দেশ-বিদেশে অবস্থান করে ডিজিটাল প্রতারণা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা। প্রতারকচক্র বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেওয়া হচ্ছে নানা প্রলোভন। এই ডিজিটাল প্রতারকচক্রকে প্রতিরোধ করতে হবে। ডিজিটাল প্রতারণাকারীদের কথা বিশ্বাস করা যাবে না। সাধারণ মানুষ আরো বেশি সর্তক হলে ডিজিটাল প্রতারণা বন্ধ হয়ে যাবে। ডিজিটাল প্রতারণা সামাজিক অপরাধে পরিণত হচ্ছে। প্রতারণা করে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ফারুক আহমেদ, বাগমারা, রাজশাহী।

ডিজিটালের নামে তারা বিভিন্ন রকম কথা বলে মানুষের অর্থসহ সম্পত্তিও হাতিয়ে নিচ্ছে। প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর ও মনোরম করে তুলতে হলে এরকম প্রতারণা বন্ধ করতে হবে। প্রযুক্তির আলোকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাই প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ভুক্তভোগীর সাহায্যে এগিয়ে আসতে হবে।

অ্যাড. এস কে মো. রমিজউদ্দিন, কাকরাইল, ঢাকা।

প্রতারণার নানা কৌশলে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। যেমন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোগান্তিতে পড়ছে ভোটাররা। মেশিনের জটিলতা, মেশিন হ্যাং হয়ে যাওয়া ও ভোটারদের হাতের আঙ্গুলের ছাপ না মেলাতে পারা ইত্যাদি বিষয়গুলো ডিজিটাল পদ্ধতিতে প্রতারণারই সামিল বটে। এছাড়া আরো বহু কিছু প্রতারণার ফাঁদ পেতে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাই আমরা মনে করি, এখনই এ বিষয়গুলোর প্রতি সরকারি নজরদারি বৃদ্ধি করা জরুরি।

পারভীন সুলতানা বিউটি, শেখপাড়া, রামচন্দ্রপুর, ঝিনাইদহ।

ডিজিটাল বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে অগ্রসরমান আজ। কিন্তু দুঃখের বিষয় অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি। যেমন, মোবাইল ব্যাংকিং নিরাপদ নয়, সেখানেও গড়ে উঠেছে বিশেষ পদ্ধতির প্রতারণা। অন্যদিকে সড়কে নিরাপত্তা নেই। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। হাজার হাজার টাকা খরচ করেও রাজধানীর পরিবহন ব্যবস্থাকে ডিজিটাল করা যায়নি। সিগন্যাল স্থাপন ও রক্ষণাবেক্ষণে এর কোনো প্রতিফলন নেই। যানজটে এখনো ঢাকা শহরবাসীর নাজেহাল অবস্থা। যানজটে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সুতরাং এক্ষেত্রে প্রয়োজন সঠিক ডিজিটাল ব্যবস্থাপনা।

বজলুল করিম, ধানমন্ডি, ঢাকা।

ডিজিটাল পদ্ধতিতে মানুষ অনেক রকম সুযোগ-সুবিধা পাচ্ছেন। তবে অনেক মানুষ প্রতারণার ফাঁদে পড়ছেন। কারণ তারা ঠিকমতো ডিভাইস ব্যবহার করতে পারেন না। এই প্রতারণা থেকে বাঁচার উপায় হলো, জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনের মাধ্যমে ঘন ঘন প্রচার-প্রচারণা চালানো। তা-না হলে সাধারণ মানুষ প্রতিদিনই প্রতারণার ফাঁদে পড়বেন।

মো. আনিসুর রহমান, ফুলতলা, খুলনা।

এখন প্রায় সারা বিশ্ব ডিজিটাল পদ্ধতিতে চলছে। অন্যান্য দেশের মতো আমাদের দেশের ডিজিটাল ব্যবস্থা সঠিক ও সুন্দরভাবে চলছে না। পদে পদে আমাদের হতে হয় হয়রানি ও প্রতারণার শিকার। যারা প্রতারণা করে তাদের রুখতে হবে সম্মিলিতভাবে।

সালেহা আফরিন বেবী, শিবগঞ্জ, সিলেট।

ডিজিটাল বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি উদ্যোগে ডিজিটাল সেবার ক্ষেত্র ও পরিধি দিনদিন বিস্তৃত হচ্ছে। সরকারের বিশেষ গুরুত্ব ও মনোযোগের আশীর্বাদপুষ্ট আইসিটি খাতের এমন অভাবনীয় ক্রমোন্নতির পথে সম্ভাব্য অনেক প্রতিবন্ধকতার মধ্যে অনিবার্য একটি বাধার নাম ‘ডিজিটাল প্রতারণা’। সেবার খাত ও আওতা বৃদ্ধির সমান্তরালেই জালিয়াত চক্রের অপকর্মের কৌশল বিস্তার লাভ করছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং হিসাব ও এটিএম কার্ডের গোপন নম্বর এবং ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক করে সংশ্লিষ্টদের ব্যক্তিগত তথ্য এবং অর্থ চুরি বহুল সংঘটিত প্রতারণা। ডিজিটাল সেবাকে নিরাপদ করতে সরকার ও সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে সেবা প্রদানের মাধ্যমে নিরাপত্তা জোরদার ও সচেতনতা কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে হবে। অন্যদিকে প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই।

আবু ফারুক, বনরুপা পাড়া, সদর, বান্দরবান।

বর্তমানে দেশ দ্রুতগতিতে ডিজিটাল হয়ে উঠছে। এজন্য মানুষ বিভিন্ন কঠিন কাজ অনলাইনে সহজে করতে পারছে; কিন্তু সেই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রতারণা। এই প্রতারণা রুখতে আমাদের কিছু করণীয় রয়েছে। প্রথমত, মোবাইলে নানা সময় বিভিন্ন বিজ্ঞাপনের মেসেজ আসে। এই মেসেজ সঠিক কি না, তা যাচাই করতে হবে। কেননা, অনেক সময় গ্রাহক পণ্যের টাকা পরিশোধ করেও পণ্যটি পাচ্ছেন না। অর্থাৎ তিনি প্রতারণার শিকার হয়েছেন। এই বিষয়ে সবার সচেতনতা দরকার। দ্বিতীয়ত, মোবাইল ফোন খুব সাবধানে ব্যবহার করতে হবে। কেননা মোবাইল ফোনে অনেক সময় প্রতারক চক্রের গ্রুপ সক্রিয় থাকে। তৃতীয়ত, মোবাইলে মেসেজ এলে তা ভালো করে পড়ে নিতে হবে। ভুলেও না পড়ে মেসেজ ক্লিক করা যাবে না। এভাবে আমরা প্রতারণা রুখতে পারি।

সরকার তারেক রহমান, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা।

সারা বিশ্বে বিজ্ঞানের অভাবনীয় উন্নয়নের সঙ্গে আজ আমাদের দেশেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে ডিজিটাল বাংলাদেশের অবকাঠামোতে প্রতারণাও বেড়েছে—এ কথা সত্য। এই প্রতারণার ফাঁদ বন্ধের জন্য এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া অতীব প্রয়োজন।

শিশির, পিলখানা, ঢাকা।

দেশে ডিজিটালের অনেক উন্নয়ন হয়েছে—এ কথা অস্বীকার করা যাবে না। পাশাপাশি প্রতারণার নানা কৌশলে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। যেমন- জালনোট, ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাওয়া, নানাবিধ জালিয়াতিতে এক শ্রেণি নিয়োজিত রয়েছে। এসব প্রতারণা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজনে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

মাসুম আহমেদ, যাত্রাবাড়ী, ঢাকা।

ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আমরা অনেক কিছু পেয়েছি। যেমন—রাষ্ট্র জনগণের সুবিধা ও নিরাপদের জন্য অনিবন্ধিত সিম বিক্রি নিষিদ্ধ করেছে। অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও তা বন্ধ হয়নি। সুতরাং এইভাবে প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রতারণা বন্ধ করতে হলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

আল মায়ামী, ফুলবাড়িয়া, সাভার।

বর্তমান সরকার আইটি সেক্টরের উন্নয়নে খুবই তৎপর। এর জন্য একজন সুযোগ্য মন্ত্রীও রয়েছেন; কিন্তু সেই সঙ্গে দিনদিন দেখা দিচ্ছে কিছু অসৎ লোকের স্বার্থপরতা। তারা সিন্ডিকেট করে ও ডিজিটাল পদ্ধতির কুফল আয়ত্ত করে দিনদিন সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে। এই অবস্থার অবসান ঘটানোর জন্য আমাদের পুলিশবাহিনীকে আরো উচ্চতর প্রশিক্ষণ দিয়ে এ বিষয়ে তৎপর রাখতে হবে। প্রতারণাকারীদের সমূলে ধ্বংস করার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করতে না পারলে ডিজিটাল প্রতারকদের ফাঁদ থেকে আমরা কেউই রেহাই পাব না বলে আমরা মনে করি।

আলহাজ মো. হাফিজুল ইসলাম চৌ. (হিফজু), চিনাইর, বি. বাড়িয়া সদর, বি. বাড়িয়া।

তথ্য প্রযুক্তির দুর্বলতার কারণে নানা ঘটনা ঘটে যাচ্ছে। সবকিছু জনসমক্ষে আসছে না এটা ঠিক। তাই অন্য দেশের মতো বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি জোরদার করা একান্ত জরুরি ও প্রতারণার ঝুঁকি নিরসনে দ্রুতই উদ্যোগ নেওয়া দরকার।

মো. মামুন, বংশাল, ঢাকা।

প্রযুক্তির কৌশলে বিভিন্ন প্রতারক বিভিন্ন কায়দায় প্রতারণা করে চলেছে। প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে তারা এই কাজে নিয়োজিত। তাই এ ব্যাপারে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন।

মুন্সী মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ, মিরপুর-১, ঢাকা-১২১৬।

ডিজিটল বাংলাদেশের অনেক স্থানে এখন কৌশলে প্রতারণা চলছে। কেউ যদি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয় এবং সচেতন না থাকে তাহলে এসব প্রতারকের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব নয়। সুতরাং একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারি প্রযুক্তির এসব প্রতারকের কাছ থেকে।

মো. ইফতেখার হোসাইন লিটন, হাইমচর, চর ভৈরবী।

ইত্তেফাক/এমআর