টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটালো রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে সংক্রমণ এবং উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি। এরআগে গত ১৮ জানুয়ারি মৃত্যুহীন ছিল রামেক হাসপাতালের করোনা ইউনিট।
উল্লেখ্য, গত বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ৪ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬২ জন। এর আগে বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৬৫ জন। এ হাসপাতালে করোনায় ৩৭ এবং উপসর্গে ২৩ জন ভর্তি রয়েছেন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। রামেক হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৬, নওগাঁর ২, নাটোরের ২, পাবনার ৫, কুষ্টিয়ার ১, ঝিনাইদহের ১, বগুড়ার ১ ও মানিকগঞ্জের ১জন ভর্তি রয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল মলিকুলার ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৩ জনের। একই দিন রামেক ভাইরোলজি ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলার ৩১২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। শনাক্তের হার ৩৮ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫২ নমুনায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ। জয়পুরহাট জেলার ৮টি নমুনায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন চাঁপাইনবাবগঞ্জের একটি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি।
