ভারীবর্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তরমুজ ও ফুটি চাষিদের স্বপ্নভঙ্গ হয়েছে। শত শত হেক্টর জমির তরমুজ ও ফুটির মাদা (বীজতলা) নষ্ট হয়ে গছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
গত শুক্রবার দিবাগত রাতে সারাদেশে ভারী বর্ষণ হয়। এ বর্ষণে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ৩শ হেক্টর জমির তরমুজ ও ফুটির মাদা নষ্ট হয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পাণ্ডে জানান, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নে এ বছর ৬শ হেক্টর জমিতে তরমুজ ও ফুটি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে আনুমানিক ৩শ হেক্টর জমিতে তরমুজ ও ফুটি চাষের জন্য মাদা তৈরি করা হয়েছিল। এসব মাদা ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে।
উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের চাষি সুখচাঁদ বাড়ৈ বলেন, ‘আমি ৩ বিঘা জমিতে তরমুজ চাষের জন্য মাদা তৈরি করেছিলাম। ভারী বর্ষণে আমার সব মাদা নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমেছে। এই পানি না শুকালে নতুন করে মাদা তৈরি করা যাবে না। নতুন করে মাদা তৈরি করতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে। ফলে দেরিতে তরমুজ ফলবে। এতে আমাদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে।’
একই গ্রামের সজল বাড়ৈ বলেন, ‘আমি ২ বিঘা জমিতে ফুটি চাষের জন্য টপে বীজ লাগিয়েছিলাম। আমার এই ২ বিঘা জমির ফুটির চারার টপ ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে।’
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান, শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণে কলাবাড়ি ইউনিয়নের তরমুজ ও ফুটি চাষিদের মাদা ও টপ নষ্ট হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছি।
