২০২২ শীতকালীন অলিম্পিক আজকের দমনমূলক চীনে অনুষ্ঠিত হওয়া উচিত নয়। সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তিব্বতি ও নির্যাতিত সংখ্যালঘুদের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের নেতা সেরিং সাম্পা গত ৩ ফেব্রুয়ারি লন্ডনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
সাম্পা বলেন, অলিম্পিক এমন একটি সরকারকে পুরস্কৃত করা উচিত নয় যে তার নিজের জনগণকে নির্যাতন করে।
তিনি আরও বলেন, 'কমিউনিস্ট চীনা শাসক এই আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে চীনের অভ্যন্তরে ও বিশ্বব্যাপী তাদের নিজস্ব রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে।'
এই আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টটি শুধুমাত্র এমন একটি জায়গায় বা একটি দেশে অনুষ্ঠিত হওয়া উচিত, যেখানে মানুষ সমতা উপভোগ করে। যেখানে সর্বজনীন মানবাধিকারকে সম্মান করা হয়, যেখানে মানুষের মর্যাদা সংরক্ষিত হয় এবং যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের বাকস্বাধীনতা প্রয়োগ করতে পারে, বলেন এই তিব্বতি নেতা।
বিতর্কের মধ্যেই গতকাল চীনের বেইজিংয়ে পর্দা উঠে শীতকালীন অলিম্পিকের। ১০৯টি ইভেন্টে স্বর্ণের জন্য এবারের আসরে প্রতিযোগিতা করবেন ৯১ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট। ২০ ফেব্রুয়ারি পর্দা নামবে আসরের।
প্রথম শহর হিসেবে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের আয়োজনের ইতিহাস গড়ল বেইজিং। ১৪ বছর আগে ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল শহরটিতে।
