চট্টগ্রাম বিভাগের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৪৩টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তীর সভাপতিত্বে ও বিভাগীয় কমিশনার অফিসের উপ-পরিচালক শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ও রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

শপথ গ্রহণকারী নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, উপজেলা পরিষদের উন্নয়নে প্রত্যেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।